News71.com
 Bangladesh
 21 Nov 19, 01:28 PM
 112           
 0
 21 Nov 19, 01:28 PM

এমপির আত্মীয় পরিচয়ে সরকারি গাছ কাটলো আ’লীগ নেতা॥  

এমপির আত্মীয় পরিচয়ে সরকারি গাছ কাটলো আ’লীগ নেতা॥   

নিউজ ডেস্কঃ এমপির আত্মীয় পরিচয় দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের নির্দেশে তারা ৩৫টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (২০ নভেম্বর) ধুবিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেহাদুল ইসলাম গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে জানান, সরেজমিনে গিয়ে নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের মৃত নজিবর রহমানের ২ ছেলে আরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম জোড়দিঘি-মালতিনগর আঞ্চলিক সড়কের ৩৫টি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় তারা নিজেদের এমপির আত্মীয় বলে পরিচয় দেয় এবং এমপির নির্দেশেই এ গাছগুলো কাটা হচ্ছে বলে জানান। আরিফুল, মনিরুল ও আব্দুর রাজ্জাক গাছ কাটার কথা স্বীকার করে বলেন, এমপি সাহেব আমাদের আত্মীয়। তিনিই আমাদের গাছ কাটার অনুমতি দিয়েছেন। তাই আমরা গাছগুলো কেটে নিচ্ছি। ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা বলেন, আরিফুল ও মনিরুল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তারা এমপির আত্মীয় কিনা বিষয়টি আমার জানা নেই৷ রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মর্কতা (ইউএনও) শামীমুর রহমান বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ রাতে মোবাইল ফোনে জানান, ওই এলাকায় আমার কোনো আত্মীয় নেই। আমার নাম ভাঙিয়ে যারাই সরকারি গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জান্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন