
নিউজ ডেস্কঃ দেশে বর্তমানে আগামী ছয় মাসের চাহিদার পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, গত মৌসুমে ১৬ লাখ ৫৭ হাজার মেট্রিকটন জাতীয় চাহিদার বিপরীতে ১৮ লাখ ২৪ হাজার মেট্রিকটন লবণ উৎপাদন হয়েছে। এছাড়া লবণ মিল ও চাষি পর্যায়ে ৬ লাখ ১১ হাজার মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসময় উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীতে লবণের ট্রাকসেল চালু করেছে বিসিক। ভোক্তাদের সুবিধার্থে বুধবার থেকে বিসিক রাজধানীর চারটি স্পটে খোলা বাজারে লবণ বিক্রি শুরু করেছে।
স্পটগুলো হচ্ছে- উত্তরা বিজিবি মার্কেট, ধানমন্ডি ৯/এ, মিরপুর-১ এবং লালবাগ শ্যামা সল্ট মিল প্রাঙ্গণ। প্রতি কেজি চিকন লবণ ৩০ টাকা এবং মোটা লবণ ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে। শিল্পমন্ত্রী বলেন, দেশে মোট লবণ মিলের সংখ্যা ২৭০। এর মধ্যে বর্তমানে ২২২টি মিল চালু রয়েছে। চালু মিলগুলোর সর্বমোট দৈনিক উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার ৫২০ মেট্রিকটন। অন্যদিকে, ভোজ্যলবণের দৈনিক জাতীয় চাহিদা ২ হাজার ৪৫৪ মেট্রিকটন। ভোক্তা পর্যায়ে চাহিদা কম থাকায় মিলগুলো উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার মেট্রিকটন লবণ উৎপাদন করছে। তিনি বলেন, গতকাল (১৯ নভেম্বর) মিলগুলো থেকে বাজারে মোট ৩ হাজার ২শ মেট্রিকটন লবণ সরবরাহ করা হয়েছে। নতুন মৌসুমে উৎপাদিত লবণও ইতোমধ্যে বাজারে আসতে শুরু করেছে। পর্যাপ্ত মজুদের ফলে শুধু ছয় মাস নয়, আগামী একবছরেও লবণের কোনো ঘাটতি হবে না।