
নিউজ ডেস্কঃ ব্রিটিশ আমলের রেল আইনকে যুগোপযোগী করার কাজ চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, রেলে শৃঙ্খলা ফেরাতে পুরনো আইন যুগোপযোগী করা হবে। আইনে কিছু সংশোধনী আনা হবে। বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রেল ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। রেলমন্ত্রী বলেন, প্রতিটি দুর্ঘটনার জন্য রেল দায়ী নয়। আপনি ক্রসিং মানলেন না, মোবাইল ফোন নিয়ে রেল লাইনে কথা বলবেন, এতে দুর্ঘটনা ঘটলে রেল দায়ী নয়। কিন্তু রেলের ইঞ্জিন বড় বলে রেলকে দায়ী করা হয়। সংবাদ সম্মেলনে রেল সচিব মোফাজ্জেল হোসেন ও মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে ট্রেন দুর্ঘটনার ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেসের লোকোমাস্টার, সহ-লোকোমাস্টার ও গার্ড দায়ী বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, তাদের অবহেলাজনিত কারণে দুর্ঘটনা ঘটেছে, তদন্ত কমিটির প্রতিবেদনে তা প্রমাণিত হয়েছে। গত সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক।