
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০২৩ সালের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের জন্য আলাদা ওয়াশ ব্লক তৈরি করবে সরকার। শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করতে আমরা সফল হবো। আমরা অনেক সমস্যা মোকাবিলা করেছি। পরিষ্কার-পরিছন্নতা ও টয়লেটের যে সমস্যা ছিল তা অনেকাংশে লাঘব হয়েছে। ইতোমধ্যে ৫০ শতাংশ অর্জিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজ মাঠে ‘ডমেক্স’র উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, সবাই মিলে আমরা জাতীয় ইস্যুর সমস্যা সমাধান করতে পারি। সমাজে হাজারো ইস্যু রয়েছে। হাজারো সমস্যা সমাধানে সবার অংশগ্রহণ প্রয়োজন। তাহলেই সব সমস্যার সমাধান হবে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রত্যেকটি পরিবার থেকে স্কুল-কলেজে ছেলে-মেয়ে পড়তে আসে। ছেলে-মেয়েরা যদি বোঝে তাদের টয়লেট ইন হাইজেনিক বা অপরিষ্কার হলে তাদের সমস্যা হবে। এ বিষয়গুলোতে তাদের সচেতন করতে পারবেন শিক্ষকরা। শুধুমাত্র পরিষ্কার টয়লেটের মধ্যে থাকলে কী হবে? একজন সত্যিকারের মানুষ হিসেবে যেসব বিষয়ের প্রয়োজনীয়তা আছে তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা বোঝানো সম্ভব। ছাত্র-ছাত্রীদের টয়লেট পরিষ্কার রাখতে হবে। নিজেদের ক্যাম্পাস পরিষ্কারের পাশাপাশি নিজেকেও পরিষ্কার রাখতে হবে।