
নিউজ ডেস্কঃ পেঁয়াজ ও চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবনীয় দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনায় সমাবেশ করেছে বিএনপি। গতকাল সোমবার (১৮ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। ‘পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তার কারণ নেই’- প্রধানমন্ত্রীর এ কথার তীব্র সমালোচনা করে সমাবেশে বক্তারা বলেন, এরপর তিনি নিজেই বিমানে উঠে দুবাই পৌঁছে গেছেন। কিন্তু পেঁয়াজ আজও দেশে পৌঁছেনি বলে বাজারে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তারা বলেন, সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, পেঁয়াজ সিন্ডিকেট বাজার থেকে সাড়ে চার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। সিন্ডিকেটে বিএনপি-জামায়াতের কেউ নেই, সব শাসক দলের লুটেরা। এখন তাদের নজর পড়েছে চালের বাজারে। প্রতিদিনই চালের দাম বাড়ছে। সব ধরনের শাক-সবজির দাম ক্রয় ক্ষমতার বাইরে।
মধ্যসত্বভোগী আওয়ামী সিন্ডিকেট সব কিছু লুটে নিচ্ছে। অথচ ন্যায্য মূল্য না পেয়ে হতাশ গরিব কৃষক ধান- পাটের ক্ষেতে আগুন ধরিয়ে দেয়। আলু-টমেটো-সবজি রাস্তায় ঢেলে গাড়ির চাকার তলে পিষে প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, মানুষ আনন্দে হাসে। আবার প্রচন্ড কষ্টেও হতোদ্যম হয়ে মানুষ হাসে। জনরায়হীন সরকারের মন্ত্রীদের কোনো দায়বদ্ধতা না থাকায় তাদের বয়ান শুনে মানুষ লজ্জায় ঘৃণায় হতাশায় ক্ষোভে হাসছেন। প্রধানমন্ত্রী বললেন, গণভবনে পেঁয়াজ ছাড়া রান্না হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বললেন, আপাতত পেঁয়াজের দাম কমানো সম্ভব না। ওই দিন বাজারে পেঁয়াজের দাম ছিল একশ’ টাকা। মন্ত্রীর বয়ানের পর এক লাফে তা দুইশ’ টাকায় পৌঁছে গেল। খাদ্যমন্ত্রী বলেছেন, তিনি পেঁয়াজ ছাড়া ২২ পদের খাবার রান্না করতে পারেন। তাদের উচিত সংসদ ছেড়ে বাবুর্চির চাকরি নেওয়া।