News71.com
 Bangladesh
 18 Nov 19, 06:51 PM
 65           
 0
 18 Nov 19, 06:51 PM

দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রি করুন॥ ব্যবসায়ীদের প্রতি সাঈদ খোকনের অনুরোধ

দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রি করুন॥ ব্যবসায়ীদের প্রতি সাঈদ খোকনের অনুরোধ

নিউজ ডেস্কঃ পেঁয়াজের দাম লাগামের বাইরে চলে গেছে। তাই আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের নগর ভবনে ডিএসসিসি’র মালিকানাধীন মার্কেট ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ডিএসসিসি অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে মেয়র বলেন, পেঁয়াজের দাম সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এক্ষেত্রে আমাদেরও সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা ব্যবসায়ীরা যদি পেঁয়াজ যে দামে কিনলাম সেই দামেই বিক্রি করে দেই তাহলে পেঁয়াজের দাম আর বাড়বে না, কমতে থাকবে। তাই আগামী দুই সপ্তাহ অন্যান্য পণ্যে মুনাফা করে পেঁয়াজে মুনাফা না করে কেনা দামে পেঁয়াজ বিক্রি করার অনুরোধ করেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে এটি করার অনুরোধ জানান মেয়র। এভাবেই সমাজের জন্য আমরা উপকার করতে পারি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বর্তমানে বাজারে চালের দাম বাড়ছে। এখনই এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। পেঁয়াজের মতো চাল যাতে নাগালের বাইরে চলে না যায় এজন্য এটি নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের উৎসে কর কমানোর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, উৎসে কর কমানোর জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে চাই। এটি পুনর্বিবেচনার দাবি জানাই আমরা। ডিএসসিসি মেয়র বলেন, আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। এই প্রবৃদ্ধিকে ধরে রাখতে ব্যবসায়ীরাও ধীরে ধীরে এগিয়ে চলুক এটাই আমরা চাই। মেয়র আরো বলেন, ব্যবসায়ীরা যে দাবি তুলেছেন এই দাবির সঙ্গে আমি একমত। এক বছরের ট্রেড লাইসেন্স ফি চারশ বা পাঁচশ টাকা এটা ঠিক আছে। কিন্তু এর সঙ্গে তিন থেকে চার হাজার টাকা উৎসে কর অযৌক্তিক বলে আমি মনে করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন