
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরের ৫০ হাজার মেট্রিকটন গম আমদানির প্রস্তাবসহ মোট আপ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ২৪৫৬ কোটি ৪৮ লাখ টাকা। রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেয়। বৈঠক চলাকালে অর্থমন্ত্রী জরুরি কাজে চলে যাওয়ার পর বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে গম আমদানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক মেসার্স সুইস সিঙ্গাপুর ওভারসিস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি মেট্রিকটন ২৬৮ দশমিক ১৪ মার্কিন ডলার দরে আমদানি করা হবে ৫০ হাজার মেট্রিকটন গম। যা বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজি ২২.১৭ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় ১১৩ কোটি ৬২ লাখ ৪৩ হাজার টাকা। জানা যায়, আমদানির লক্ষ্যে খাদ্য অধিদপ্তর আন্তর্জাতিক কোটেশন আহ্বান করলে ৭টি কোটেশন বিক্রি হলেও ৪টি কোটেশন জমা পড়ে। দরপত্র মূল্যায়ন কমিটি পর্যালোচনা করে ৪টি গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান থেকে সুপারিশকৃত সর্বনিম্ন কোটেশনার সিঙ্গাপুরভিত্তিক মেসার্স সুইস সিঙ্গাপুর ওভারসিস প্রাইভেট লিমিটেডকে এ গম আমদানির অনুমোদন দেওয়া হয়। আব্দুর রাজ্জাক বলেন, বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রস্তাব ছিল তা অনুমোদন দিয়েছে কমিটি। এরমধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর ১৪৭০ মিটার দৈর্ঘ্যের পায়রা সেতু (লেবুখালী সেতু) নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্পে মোট হবে ১১৭০ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকা।