
নিউজ ডেস্কঃ সৌদি আরবে নারী গৃহশ্রমিক নির্যাতন-ধর্ষণ-হত্যা বন্ধ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মিছিল-সমাবেশ করেছে কয়েকটি নারী সংগঠন। রোববার (১৭ নভেম্বর) প্রগতিশীল নারী সংগঠনসমূহের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে নানা দাবিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। সিপিবি নারী সেল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, শ্রমজীবী নারী মৈত্রী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, নারী সংহতি, বিপ্লবী নারী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে সিপিবি নারী সেলের কেন্দ্রীয় আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশ ও মিছিল করা হয়। এসময় বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দও, নারী সংহতির সহ-সভাপতি তাসলিমা আক্তার, বিপ্লবী নারী ফোরামের আহ্বায়ক আমেনা আক্তার, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী নীতি চকমা ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সম্পা বসু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নারী গৃহশ্রমিকদের নির্যাতনের খবর নিয়ে মানুষ উদ্বিগ্ন। এ বছর জানুয়ারি থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত ৮ মাসে ৮৫০জন নারী সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন। এর মধ্যে আগস্টের ১ দিনেই ১০৯ জন ফিরেছেন। নির্যাতনের অভিযোগে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সৌদিতে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিলে ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। এরপর থেকে গত জুলাই মাস পর্যন্ত ৩ লাখ নারী কর্মী গেছেন সৌদি আরবে। দুই বছরের চুক্তিতে যাওয়া নারী গৃহকর্মীরা মাসে বেতন পান বাংলাদেশি টাকায় মাত্র ১৭ হাজার টাকা।