
নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের অনুসারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় কনফারেন্স হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনার সময় পুরো কার্যালয় উত্তপ্ত হয়ে ওঠে। সেসময় সুলতানা আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের একাধিক নেত্রী বলেন, বেশ কিছুদিন যাবত সভাপতি আফরোজা আব্বাসের সঙ্গে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এই ঘটনার জের ধরেই এই পরিস্থিতি সৃ্ষ্টি হয়েছে।