News71.com
 Bangladesh
 14 Nov 19, 10:01 PM
 149           
 0
 14 Nov 19, 10:01 PM

মাদারীপুরে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা॥ প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা॥ প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্কঃ মাদারীপুরে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শারিস্তাবাদ এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা পাইকপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না, সাবেক চেয়ারম্যান শাজাহান খানসহ অনেকেই।

গত ৭ নভেম্বর ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুর ইসলামের লোকজন পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য আক্কাস খানকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউপি সদস্য আক্কাস খান। পরে ১১ নভেম্বর নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন