
নিউজ ডেস্কঃ দেশের ডিজিটাল উদ্যোগকে পৃষ্ঠপোষকতা দিতে বাংলালিংক তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আইটি ইনকিউবেটরের তৃতীয় ব্যাচের স্টার্টআপের বাছাই প্রক্রিয়া শুরু করেছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর। আবেদন এই লিঙ্কে (https://incubator.banglalink.net/) জমা দেওয়া যাবে। বাংলালিংক এবং আইসিটি বিভাগের অধীনস্থ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে ২০১৬ সালে এই কার্যক্রম শুরু করে। অপারেটরটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলালিংক নির্বাচিত স্টার্টআপগুলোকে অবকাঠামো, উপকরণ এবং নির্দেশনাগত সহায়তা দিয়ে থাকে। প্রাথমিকভাবে স্টার্টআপগুলোকে তাদের অভিনব পরিকল্পনা, ব্যবসায়িক সম্ভাবনা এবং দলগত শক্তিমত্তার ভিত্তিতে নির্বাচন করা হয়। নির্বাচিত স্টার্টআপগুলো তাদের সব কার্যক্রম পরিচালনা করার জন্য কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারে অফিস স্পেসের সুবিধা, অনলাইনে শিক্ষা সহায়তামূলকা কার্যক্রমে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগের পাশাপাশি অন্যান্য উপকরণগত সুবিধাও ভোগ করবে। প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোর জন্য বাংলালিংকের সঙ্গে অংশীদারিত্ব উপভোগ করার মতো সুযোগও থাকবে।
আইটি ইনকিউবেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ করপোরেট রেসপনসিবিলিটি প্রোগ্রাম ‘মেক ইওর মার্ক’র অন্তর্ভুক্ত। বিশ্বের যেসব স্থান ভিওনের কার্যক্রমের আওতাধীন সেসব স্থানের আইটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ। প্রোগ্রাম নিয়ে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে হাইটেক পার্ক অথোরিটি কয়েক বছর ধরে বেশকিছু প্রকল্প পরিচালনা করে আসছে। জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলোজি পার্ক একটি অন্যতম প্রকল্প। যা দেশের স্টার্টআপকে সহযোগিতা করার পাশাপাশি ডিজিটাল অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পরিচালনা করা হচ্ছে। তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা সংস্থা বাংলালিংককে আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, প্রোগ্রামটির মাধ্যমে স্টার্টআপগুলো অনেক উপকৃত হবে।