News71.com
 Bangladesh
 14 Nov 19, 11:07 AM
 74           
 0
 14 Nov 19, 11:07 AM

দ্রুতবিচার ট্রাইব্যুনালে হবে বুয়েট ছাত্র ফাহাদ হত্যার বিচার॥আইনমন্ত্রী

দ্রুতবিচার ট্রাইব্যুনালে হবে বুয়েট ছাত্র ফাহাদ হত্যার বিচার॥আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ফাহাদ হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়ার পর বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান আইনমন্ত্রী। আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে আসামি করে এদিন গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৬ অক্টোবর দিনগত রাতে ফাহাদকে নির্দয়ভাবে পেটান বুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। ফাহাদ হত্যা মামলায় এর মধ্যে চার্জশিটভুক্ত ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন