News71.com
 Bangladesh
 11 Nov 19, 11:26 AM
 201           
 0
 11 Nov 19, 11:26 AM

ক্ষমতায় গেলে নূর হোসেন-মিলন হত্যার বিচার হবে॥ জাপা চেয়ারম্যান জিএম কাদের

ক্ষমতায় গেলে নূর হোসেন-মিলন হত্যার বিচার হবে॥ জাপা চেয়ারম্যান জিএম কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নূর হোসেন ও ডাক্তার মিলনকে কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। রোববার (১০ নভেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাপা মহানগর উত্তরের আয়োজনে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, নূর হোসেন ও ডাক্তার মিলন হত্যার ইস্যু তুলে দেশের মানুষকে বারবার বিভ্রান্ত করা হয়। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে অপবাদ দেওয়া হয়। এর একটা সমাধান জরুরি হয়ে পড়েছে।তিনি আরও বলেন, জাপা রাষ্ট্র ক্ষমতায় গেলে নূর হোসেন ও ডাক্তার মিলনসহ ষড়যন্ত্রমূলক সব হত্যার বিচার করা হবে।

জাপা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় জিএম কাদের বলেন, এরশাদ ১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক শাসন তুলে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার পর থেকেই কাঠামোগত গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে। তবে, গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়েছে বারবার। এখন প্রতিদিনই দুর্নীতি, গুম, খুন ও সন্ত্রাস অব্যাহতভাবেই বেড়ে চলেছে। তিনি আরও বলেন, গণতন্ত্রের অর্থ হচ্ছে, দুষ্টের দমন আর শিষ্টের লালন। কিন্তু এখন উল্টে গেছে সবকিছু। এখন চলছে দুষ্টের লালন আর শিষ্টের দমন। জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের সঠিক চর্চা থাকলে দেশে ৫ কোটির বেশি বেকার থাকতে পারে না। তিনি আরও বলেন, আমরা ন্যায় বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবো। আমাদের নেতা এরশাদ সারাজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করেছেন। গণতন্ত্রের পথে অবিচল ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন