
নিউজ ডেস্কঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার উপকূলীয় অঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই দস্যুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় দুইটি এলজি, চার রাউন্ড গুলি, ১২ কার্তুজ জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন, দস্যু ফকিরা বাহিনীর সদস্য রাসেল (২৫) ও জাহের (২৮)। র্যাব-১১ জানায়, ইলিশ মৌসুমে জেলেদের ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে দস্যুরা সক্রিয় হয়ে ওঠে। এ অবস্থায় র্যাব-১১ দীর্ঘদিন ধরে দস্যু ফকির বাহিনীকে নজরদারির মধ্যে রাখে। বৃহস্পতিবার রাতে স্থানীয় চর বাগ্গা এলাকায় ফকিরা বাহিনী একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র্যবা-১১ এর একটি আভিযানিক দল ফকির বাহিনীর ২ দস্যুকে আটক করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার (৮ নভেম্বর)তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।