
নিউজ ডেস্কঃ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘বালিশ কাণ্ড’সহ অন্যান্য দুর্নীতি অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের আরও সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি অনুসন্ধানী টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা হলেন- গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশল মো. শফিকুল ইসলাম ও সুমন কুমার নন্দি, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম জিল্লুর রহমান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান ও উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিন এবং মো. জাহিদুল করিম। এর আগে বুধবার (০৬ নভেম্বর) গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বর্তমানে ওএসডি) মাসুদুল আলমসহ সাত প্রকৌশলীকে এ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। গত ৩ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শৌকত আকবরসহ মোট ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক।