
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নেশাগ্রস্ত এক যুবকের ইটের আঘাতে শাকিল (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন রেজাউল ইসলাম (৩৫) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী বহরের হাট এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল থানাহাট ইউনিয়নের পুটিমারী বহরের হাট এলাকার আব্দুল কাদের ছেলে। সে মরহুম রজব উদ্দিন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় শাকিল। মাদ্রাসার হুজুর শাহাজালাল তখনও মাদ্রাসায় না আসায় ক্লাসের ভেতর সহপাঠীদের সঙ্গে গল্প করছিল সে। এসময় বহরের ভিটা গ্রামের মৃত সামছুল হকের নেশাগ্রস্ত ছেলে রেজাউল মাদ্রাসার দরজায় এসে উঁকিঝুঁকি দিচ্ছিল। এক পর্যায়ে শাকিল ওই যুবককে বলে যে, তোমাকে দেখলে সব ছাত্র-ছাত্রী ভয় পায়, তুমি এখান থেকে চলে যাও। রেজাউল সঙ্গে সঙ্গে শাকিলকে ক্লাস থেকে টেনেহিঁচড়ে বের করে মাদ্রাসা সংলগ্ন মিল চাতালের পাশে সহপাঠীদের সামনে তার মাথা ইট দিয়ে থেতলে দেয়।