
নিউজ ডেস্কঃ মোহাম্মদপুরের ‘সুলতান’ খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে সোমবার (৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাকে কারাগারে পাঠনোর আদেশ দেন। এর আগে ২০ অক্টোবর মধ্যরাতে দুই মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ অক্টোবর দিনগত রাতে বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেফতার করে র্যাব। এসময় ওই বাসা থেকে সাতটি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। র্যাব জানায়, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেফতার করা হয়েছে।