
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দু’দেশের মানুষ। বর্তমানে এ রুট দিয়ে মালবাহী ট্রেন চলাচল চলাচল করে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পর ভারতের সঙ্গে বন্ধ থাকা রেলরুটগুলো পুনরায় চালুর ঘোষণা দেওয়া আবারও আশা দেখছে দু’দেশের জনসাধারণ। সম্প্রতি ঢাকাস্থ ভারতীয় দূতাবাস বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। আর রাজশাহী অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রীর আসন্ন পশ্চিমবঙ্গ সফরে বিষয়টির সুরাহার দাবি জানিয়েছেন।
প্রস্তাবিত রাজশাহী-কলকাতা (মৈত্রী-৩) ট্রেনটির রুট রয়েছে বাংলাদেশের রহনপুর থেকে ভারতের সিঙ্গাবাদ-মালদহ- মুর্শিদাবাদ হয়ে কলকাতা পর্যন্ত। এদিকে গত কয়েক বছর আগে এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করার দাবি জানিয়েছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বাদশা বলেন, সম্প্রতি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী উত্তরবঙ্গের সাংবাদিকদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত এক সভায় বিষয়টির নিয়ে কথা বলেছেন। তিনি আন্তরিকবভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ রুট দিয়ে বাংলাদেশ-ভারতের সঙ্গে যাত্রীবাহী রেল যোগাযোগ চালু করার।