News71.com
 Bangladesh
 04 Nov 19, 02:14 PM
 103           
 0
 04 Nov 19, 02:14 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের বক্তব্য শুনবেন শিক্ষামন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের বক্তব্য শুনবেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অচলাবস্থা নিরসনে আন্দোলনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী অপর পক্ষের বক্তব্য শুনবেন বলে তাদের জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে এক অনির্ধারিত আলোচনা অংশগ্রহণ করেছেন। জাহাঙ্গীরনগরের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে যেকোনো দিন উপাচার্যকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন অধ্যাপক রায়হান রাইন।  

 

ক্যাম্পাসে উপাচার্য পক্ষ এবং উপাচার্য অপসারণ মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিরসনে শিক্ষামন্ত্রীর বাসভবনে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। আলোচনায়  শিক্ষকরা বিভিন্ন দাবি উত্থাপন করেন।   ওই কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রী সব দাবি মনোযোগ দিয়ে শুনেন এবং সবিস্তারে লিখে দেওয়ার কথা বলেন।  শিক্ষামন্ত্রী অপরপক্ষের কথাও শুনবেন এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন