
নিউজ ডেস্কঃ জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন। পরে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে দলের সাধারণ সম্পাদক জানান, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের বিষয়ে আলোচনা চলছে।
দিনের শুরুতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৮টায় বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলী এবং একই সময়ে রাজশাহীতে এএইচএম কামারুজ্জামানের কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।