News71.com
 Bangladesh
 03 Nov 19, 10:36 PM
 52           
 0
 03 Nov 19, 10:36 PM

বঙ্গবন্ধু’র খুনিদের দেশে ফেরাতে কূটনৈতিক প্রয়াস আরও বাড়ানো হবে॥ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু’র খুনিদের দেশে ফেরাতে কূটনৈতিক প্রয়াস আরও বাড়ানো হবে॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফেরাতে আগামী দিনগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলহত্যা দিবস উপলক্ষে রোববার (৩ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন কাদের। পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যারা খুনি, তাদের দণ্ড কার্যকর হয়েছে। যাদের দণ্ড কার্যকর হয়নি, তারা বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনার জন্য জোরদার প্রয়াস অব্যাহত রয়েছে। এই কূটনৈতিক প্রয়াস সামনের দিনগুলোতে আরও বাড়বে।’ তিনি বলেন, ‘কোনো কোনো দেশে আইনে সমস্যা আছে। তাদের দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। ফাঁসির আসামি বিধায় তাদের ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে। তবুও বিভিন্ন দেশে যারা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায়।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কলঙ্কজনক রক্তাক্ত দু’টি ঘটনা- ১৯৭৫ এর ১৫ আগস্ট, এরপর ৩ নভেম্বর। ১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন ও নেতৃত্ব শূন্য করে দেওয়ার ঘৃণ্য অভিলাসে আমাদের জাতির চার নেতা, মুক্তিযুদ্ধের চারজন প্রথম সারির সংগঠককে নৃশংসভাবে হত্যা করা হয়।’ ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমাদের শপথ হবে তাদের যে স্বপ্ন, শহীদদের স্বপ্ন, বঙ্গবন্ধু ও জাতির পিতার যে স্বপ্ন, সে স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এটা আমাদের অঙ্গীকার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন