
নিউজ ডেস্কঃ আবরার ফাহাদ হত্যার ঘটনায় মামলা রুজু হওয়ার আগেই আসামিরা গ্রেফতার হয়েছে। ১৯ জনের নামে মামলা হয়। ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা। শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে। চার্জশিটে আরও নাম আসতে পারে। এ হত্যাকাণ্ডে জড়িতরা দুর্বৃত্ত। তারা অপরাধী। তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। শুক্রবার (১ নভেম্বর) সকালে 'ছাত্ররাজনীতি নয় মূল্যবোধের অবক্ষয়ের কারণেই ফাহাদ হত্যাকাণ্ড' শীর্ষক ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা রাজধানীর বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু রীতিনীতি আছে। সেগুলো মানতে হয়। হত্যাকাণ্ড, বড় যে কোনো ধরনের অপরাধের সঠিক তথ্য থাকলে পুলিশ ঘটনাস্থলে যেতে পারে। কিন্তু টহল পুলিশের কাছে তেমন কোনো সঠিক তথ্য ছিল না। তিনি বলেন, রাজধানীতে প্রতি মাসে অন্তত ২০টি হত্যাকাণ্ড হয়। এগুলো অরাজনৈতিক। পারিবারিক, প্রেম-ভালোবাসা এসব হত্যাকাণ্ডের কারণ। এগুলো কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত না। এগুলো সাধারণত মূল্যবোধের বিষয়। ছাত্ররাজনীতি না থাকলে দেশে প্রকৃত রাজনীতিবিদ থাকবে না। তাই শিক্ষাজীবন থেকেই নেতৃত্বের গুণাবলীর চর্চা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ, সৎ ও চরিত্রবান, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে চাইলে ছাত্ররাজনীতির বিকল্প নেই।