
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুক্রবার (০১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। দূর দূরান্তের পরীক্ষার্থীরা গোপালগঞ্জে আসতে শুরু করেছে। জেলার হোটেল-মোটেলগুলোর সিট আগে ভাগেই বুকিং হয়ে গেছে। তাই বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি গোপালগঞ্জ শহর ও বিশ্ববিদ্যালয়ের আশপাশের মানুষ সাধ্যমত আগত পরীক্ষার্থীদের ফ্রি থাকা ও খাবারের ব্যবস্থা নিয়েছেন। এ বছর ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ২ হাজার ৭৪৫ জন (কোটাবাদে) শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানসমূহ হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় ‘এফ’ ইউনিট, বিকাল ৩টায় ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় ‘ডি’ ইউনিট, বিকাল ৩টায় ‘ই’ ইউনিট, ৮ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিট, বিকাল ৩টায় ‘এইচ’ ইউনিট, এবং ৯ নভেম্বর সকাল ১০টায় ‘আই’ ইউনিট, দুপুর ১টায় ‘বি’ ইউনিট ও বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd -এ জানা যাবে|