
নিউজ ডেস্কঃ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশে আবেদনকারীদের জন্য কিছু নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় দূতাবাস। আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। নতুন নিয়মে ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ব্যাটারিচালিত বা বৈদ্যুতিক গ্যাজেট (যেমন- মোবাইল ফোন, ওয়াকিটকি ক্যামেরা, অডিও/ভিডিও ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্ক, এমপিথ্রি, ল্যাপটপ অথবা পোর্টেবল মিউজিক প্লেয়ার) নিয়ে প্রবেশ করা যাবে না ।
তালিকায় আরো রয়েছে সব ধরনের ব্যাগ (যেমন- ট্রাভেল ব্যাগ, ব্যাক প্যাক, ব্রিফকেস, স্যুটকেস, চামড়া /পাট/কাপড়ের ব্যাগ এবং জিপ ফোল্ডার)। শুধু একটি প্লাস্টিক ব্যাগে আবেদন-সংক্রান্ত কাগজপত্র বহনের অনুমতি দেয়া হবে। এছাড়া সিলকৃত খাম বা প্যাকেজ, যেকোনো ধরনের দাহ্য উপাদান (যেমন- দেয়াশলাই বক্স, লাইটার, সিগারেট ও জ্বালানি ইত্যাদি), যেকোনো ধারালো উপাদান (যেমন- ছুরি, কাঁচি বা নেইল কাটার), যেকোনো ধরনের ধারালো অস্ত্র বা বিস্ফোরক নিয়ে প্রবেশ করা যাবে না ।