
নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই বরিশাল নগরের পোর্টরোডস্থ একমাত্র বৃহত্তর মৎস অবতরণ কেন্দ্রটি (বেসরকারি) সরগরম হয়ে উঠেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার মধ্যে রুপালি ইলিশে সয়লাব হয়ে গেছে বরিশাল নগরের পোর্টরোডস্থ এ অবতরণ কেন্দ্র বা পাইকারি বাজারটি। এর আগে ভোর থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও জেলেরা পাইকারি বাজারটিতে ইলিশ নিয়ে আসতে শুরু করেন। বাজারে বিক্রি হচ্ছে ইলিশ। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের হাঁকডাক, শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে পাইকারি এ বাজারটি। আর একসঙ্গে প্রচুর মাছের দেখা পেয়ে বেজায় খুশি জেলে থেকে শুরু করে ব্যবসায়ী ও শ্রমিকরা। পাইকার ব্যবসায়ীরা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে ঘিরে নদী ও সাগরে ইলিশ শিকারে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা ছিলো। যে নিষেধাজ্ঞা শেষে ৩০ অক্টোবর রাত ১২টার থেকেই জেলেরা মাছ শিকারের উদ্দেশ্যে নদী ও সাগরে নেমে পড়েন।বাজারে আনা হচ্ছে ইলিশ। ছবি: বাংলানিউজ যদিও এখনো সাগরের মাছ অবতরণ কেন্দ্রগুলোতে আসেনি। তবে, নদীর রুপালি ইলিশেই সকাল থেকে বাজার দখল করে ফেলেছে।