
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে রামগতি থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চর নেয়ামত এলাকার স্লুইস গেটের পাশে গণধর্ষণের ঘটনা ঘটে। আটক অভিযুক্তরা হলেন- চর নেয়ামত এলাকার আবদুল হালিমের ছেলে মো. বেলাল (২৮), মো. কাঞ্চনের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) ও চর কলাকোপা এলাকার এনাম হোসেনের ছেলে রিকশাচালক মো. বেলাল (২৮)। পরে এদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অপর অভিযুক্ত আসামি ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. সামছু (৪০) ও আবদুল মান্নানের ছেলে আবদুস সহিদ হেজু পলাতক রয়েছেন।