
নিউজ ডেস্কঃ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক নাগরিকের দক্ষতা বৃদ্ধিতে সচেতন হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এক্ষেত্রে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম বলে তিনি মন্তব্য করেন। বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর অস্ট্রেলিয়ান হাই কমিশনের রিক্রিয়েশন সেন্টারে ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ড সাউথ এ্যান্ড ওয়েস্ট এশিয়া: ফেয়ারওয়েল এ্যান্ড ওয়েলকাম হোম ইভেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 'অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ড' বাংলাদেশের উচ্চ শিক্ষার প্রসার ও নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন স্পিকার। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাই কমিশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট। অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ড’ বাংলাদেশের সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের জন্য একটা বিরাট সুযোগ। সাউথ এবং ওয়েস্ট এশিয়ার নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে এই এ্যাওয়ার্ড ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের জন্য এই এ্যাওয়ার্ড অব্যাহত রাখায় অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান।