News71.com
 Bangladesh
 31 Oct 19, 10:40 AM
 68           
 0
 31 Oct 19, 10:40 AM

সাকিব না থাকায় বাংলাদেশ ক্রিকেট অনেক ক্ষতিগ্রস্ত হবে ॥ অর্থমন্ত্রী

সাকিব না থাকায় বাংলাদেশ ক্রিকেট অনেক ক্ষতিগ্রস্ত হবে ॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল সাকিবকে এক বছর পাবে না, এটা দুঃখজনক। এর ফলে দেশের ক্রিকেট অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সাকিবের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। সাকিবের জীবনে যেমন ঝড় বয়ে যাচ্ছে, একইসঙ্গে আমাদের দেশেরও কিছুটা মর্যাদাহানী হবে। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


অর্থমন্ত্রী বলেন, সাকিব ভালো কাজ করেছে, সে তার সততার পরিচয় দিয়েছে। সে সত্যি বলেছে। তবে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা প্রধানমন্ত্রীকে বিষয়টি বলতে পারতো। যদিও আইসিসিকে এ বিষয়ে অনুরোধ করলে কতটা লাভ হতো জানি না। তিনি বলেন, আইসিসি ডিসিপ্লিনের বিষয়ে কঠোর। ক্রিকেটে ম্যাচ ফিক্সিং আইসিসি পছন্দ করে না, করবেও না। এই খেলা এখনো গৌরবময়, মানুষের মনের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। কিন্তু এখানে আইসিসি কাউকে ছাড় দেয় না, ছাড় দেওয়ার উদাহরণও নেই। মুস্তফা কামাল বলেন, সাকিব এটা সরলতা ভেবে করেছে। কিন্তু আইসিসির আইনটি সাকিবের ভালোভাবে জানা ছিল, তারপরও সাকিব কেন এমন করলো। একটি দল যখন বাইরে যায় তখন তাদেরকে একটি কোর্স করানো হয়। সেখানে খেলোয়াড়রা কী করবে আর করবে না সে বিষয়ে ভালোভাবে জ্ঞান দেওয়া হয়। সাকিবের সার্ভিস এক বছর পাবো না, এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন