News71.com
 Bangladesh
 30 Oct 19, 10:39 PM
 70           
 0
 30 Oct 19, 10:39 PM

প্রয়োজনে খাদ্য বিভাগেও শুদ্ধি অভিযান॥ খাদ্যমন্ত্রী

প্রয়োজনে খাদ্য বিভাগেও শুদ্ধি অভিযান॥ খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার রংপুর বিভাগে একটি সেন্ট্রাল সাপ্লাই ডিপো (সিএসডি) গুদাম করার চিন্তা করছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য বিভাগকে যে কোনো মূল্যে দুর্নীতিমুক্ত করতে হবে। প্রয়োজনে সরকার খাদ্য বিভাগের ভেতরেও শুদ্ধি অভিযান পরিচালনা করবে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন আমন সংগ্রহ ২০১৯-২০ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। খাদ্যমন্ত্রী বলেন, এ বিভাগের কর্মকর্তাদের মনে যদি পোকা না থাকে তাহলে খাদ্য গুদামের চালে কখনই পোকা ধরবে না। খাদ্য বিভাগের কর্মকর্তাদের কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকদের হয়রানি কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশ আজ খাদ্যে স্বয়সম্পূর্ণ হয়েছে। অন্যান্য বারের চেয়ে এবার বোরো মৌসুমে সবচেয়ে বেশি চাল কেনা হয়েছে। যা চলতি আমন মৌসুমে আর বেশি চাল ক্রয় করা হবে।

এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. নাজমানারা খানম, পরিচালক (সংগ্রহ) জুলফিকার রহমান, রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মনোরঞ্জন শীল গোপাল এমপি, জাকিয়া তাবাসসুম জুই এমপি উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, ইতোপূর্বে যে সব জায়গায় ধান উৎপাদন হতো না এখন সেইসব জায়গায় ধান উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের কষ্ট লাঘবে সরকার ধানের বিভিন্ন জাত উদ্ভাবন করছে। দেশে বর্তমানে ১৫ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। মধ্যস্বত্বভোগীদের কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকরা আজ ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকরা তাদের কষ্টে উৎপাদিত ধানের যাতে ন্যায্য মূল্য যেন পায় সে ব্যাপারে প্রশাসনের সবাইকে খেয়াল রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন