
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি খাতসহ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল তৈরিতে কাতার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, কাতার সরকার বিশেষ করে এনার্জি সেক্টরে বিনিয়োগ করতে চায়, তারা পায়রাতে বিনিয়োগ নিয়ে আসতে চাইছে, সেখানে তারা ল্যান্ড বেইজ এলএনজি টার্মিনাল করতে চায়। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাফির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী। কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাবিরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলো।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বাংলাদেশে জ্বালানিখাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় কাতার। দেশটির সঙ্গে এলএনজি সরবরাহে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তাতে আরো বিষয় যুক্ত করতে চায় তারা। এর মধ্যে পায়রা ল্যান্ডবেইজ এলএনজি এবং বিদ্যুৎকেন্দ্র ও মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অন্তর্ভুক্ত হতে চায়। আমি সব আকারের আলোচনা করেছি। তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো বলেছি। তাদেরকে বলেছি যে অর্থনৈতিক জোন থেকে শুরু করে বাংলাদেশে বিনিয়োগের অনেকক্ষেত্র তৈরি হয়েছে। কাতারের প্রতিমন্ত্রী কথা দিয়েছেন উনি দেশে যাওয়ার পর সবার সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশকে তারা এখন সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হিসাবে ভাবছে বলেও জানান তিনি।