
নিউজ ডেস্কঃ এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না-বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান অমান্য করায় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান। তিনি জানান, ইউজিসি ও বার কাউন্সিলের বিধান অমান্য করে তারা আইন বিভাগে ৫০ এর বেশি শিক্ষার্থী ভর্তি করিয়েছে। এ কারণে স্টামফোর্ড ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে বারডেম হাসপাতালের নিয়মিত লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে এই জরিমানার টাকা জমা দিতে হবে।
২০১৪ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) একটি সার্কুলার জারি করে, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না মর্মে নির্দেশনা জারি করে।এ নির্দেশনা অমান্য করে ভর্তি করানো অতিরিক্ত শিক্ষার্থীদের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে না বার কাউন্সিল। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট বিভাগ সেই রিটের শুনানি নিয়ে তাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া এবং ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। বুধবার শুনানি শেষে আপিল বিভাগ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া এবং ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশ দেন। একই সঙ্গে দুটি বিশ্ববিদ্যালয়কে জরিমানা করেন।