News71.com
 Bangladesh
 30 Oct 19, 10:35 PM
 74           
 0
 30 Oct 19, 10:35 PM

জাবিতে সহকারী প্রক্টরের নেতৃত্বে শিক্ষার্থীকে মারধর॥  

জাবিতে সহকারী প্রক্টরের নেতৃত্বে শিক্ষার্থীকে মারধর॥   

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অপসারণের দাবিতে তৃতীয় দিনের সর্বাত্মক ধর্মঘট চলাকালে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র অন্যতম নেতা ও ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়কে মারধরের অভিযোগ উঠেছে সহকারী প্রক্টরের বিরুদ্ধে। বুধবার (৩০ অক্টোবর) সকালে আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত সর্বাত্মক ধর্মঘট পালনের সময় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার নজির আমিন জয় বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মহিবুর রৌফ শৈবালের নেতৃত্বে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা জানান, সকাল থেকেই সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল কর্মচারীদেরকে নিয়ে বিভিন্ন অনুষদে আন্দোলনকারীদের মেরে রাখা তালা অপসারণ করতে যান। এসময় পুরাতন কলা অনুষদে তালা অপসারণ করতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে নিজের বিভাগের জুনিয়র শিক্ষার্থীদেরকে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীর মারধর করেন মহিবুর রৌফ শৈবাল। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।

তবে শিক্ষার্থীদের মারধরের অভিযোগের বিষয়টি অস্বীকার করে মহিবুর রৌফ শৈবাল বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। উল্টো আন্দোলনকারীরা আমার ওপর হামলা করেছে।’ মহিবুর রৌফ শৈবালের বরাতে সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, ‘আন্দোলনকারীদের হামলায় শৈবাল অনেক বেশি অসুস্থ। আমাদের মেডিক্যালে চিকিৎসা হয়নি। উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।’ এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ গিয়ে শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন