
নিউজ ডেস্কঃ কলকাতার মোহর কুঞ্জে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলার নবম সংস্করণ। আগামী ১ নভেম্বর (শুক্রবার) থেকে এ মেলা শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ রফতানী উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির যৌথ আয়োজন ও সহায়তায় এ মেলা শুরু হচ্ছে । বাংলাদেশ বইমেলার নবম সংস্করণের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত থাকবেন কলকাতা মেয়র পরিষদ সদস্য দেবাশিষ কুমার, বাংলাদেশ পুস্তক সমিতির সভাপতি আরিফ হোসেন এবং কলকাতার পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু দে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এবারের বই মেলায় বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ৪০টি বুকস্টল বসবে বলে জানিয়েছেন আয়োজকরা ।