
নিউজ ডেস্কঃ আগামী জানুয়ারি মাসে দুই পর্বে বিশ্ব ইজতেমা-২০২০ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এবারও দুই পক্ষের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব মাওলানা জুবায়েরপন্থীদের ও দ্বিতীয় পর্ব মাওলানা সাদপন্থীদের। সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উভয়পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ইজতেমা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গনমাধ্যমকে বলেন, দুই পক্ষের নেতৃবৃন্দর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয়পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারী দ্বিতীয় পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে পরে আবার বৈঠক করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও অন্যরা। কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা জোবায়ের আহমদের নেতৃত্বে এই বৈঠকে আলেমদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমীন, মুফতি নুরুল আমীন, মাওলানা মাহফুজুল হক, প্রকৌশলী মাহফুজুর রহমান, হাজি সেলিম। মাওলানা সাদ অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ইজহার, মাওলানা মোশাররফ হোসাইন ও মাওলানা আশরাফ আলী প্রমুখ। বৈঠকে সিদ্ধান্ত হয় ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি ইজতেমায় অংশ নিতে পারবেন না। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা ও তার বহুল বিতর্কিত বক্তব্যের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। ইজতেমার আগে তিন চিল্লার সাথীদের বিশেষ ‘জোড় ইজতেমা’ এবার হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। এবারের বিশ্ব ইজতেমা দুই পর্বে হলেও মাঠে প্রস্তুতের কাজ আলেম-উলামা ও আলমি শুরার অনুসারী সাথীরা করবেন বলে জানা গেছে।