News71.com
 Bangladesh
 28 Oct 19, 07:25 PM
 239           
 0
 28 Oct 19, 07:25 PM

ভোটের বিষয়টি শুধু মেনন নয়, দেশের সবাই জানে ॥ খন্দকার মোশাররফ

ভোটের বিষয়টি শুধু মেনন নয়, দেশের সবাই জানে ॥ খন্দকার মোশাররফ

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাশেদ খান মেনন এই সরকারের সাবেক মন্ত্রী। তিনি মন্ত্রী থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। মেনন সাহেব জনসম্মুখে সাক্ষী দিয়ে বলেছেন, তিনি ভোট দিতে পারেননি, জনগণও ভোট দিতে পারেনি।’ তিনি বলেন, ‘আমরা এখানে যারা আছি, প্রার্থী ছিলাম তারাও ভোট দিতে পারিনি। শুধু মেনন নয়, এটা দেশের সবাই জানে যে একাদশ নির্বাচনে কেউ ভোট দেয়নি। নির্বাচনকালে যিনি মন্ত্রী ছিলেন, তিনিই যখন সাক্ষী দিয়ে বলেছেন কেউ ভোট দিতে পারেনি, তাই ক্ষমতায় থাকার অধিকার এই সরকারের আর নাই।’ সোমবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র-ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, আগেও একবার আওয়ামী লীগকে ২১ বছর রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হয়েছে। এবার বিদায় হলে ২১ বছর নয়, এর থেকেও তিন গুণ বেশি সময় তাদের রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হবে।

ভারতের সঙ্গে হওয়া চুক্তির বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যে চারটি চুক্তি করেছেন, সবগুলোই দেওয়ার চুক্তি। কোনো নেওয়ার চুক্তি নেই। তিনি সব দিয়ে এলেন, কিছু আনতে পারলেন না। তিস্তা চুক্তি বহুদিন যাবত ঝুলে আছে। অভিন্ন নদীগুলোতে ভারত বাঁধ দিয়ে রেখেছে। এসব নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ প্রতিবাদ করায় ছাত্রলীগ তাকে পিটিয়ে হত্যা করেছে। ক্যাসিনোকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে চুনোপুঁটি আখ্যা দিয়ে ড. মোশাররফ বলেন, এদের পিছনে রাঘব-বোয়ালরা জড়িত আছে। আমরা দাবি জানাই, শুধু চুনোপুঁটি নয়, তাদের পেছনে যেসব রাঘব-বোয়াল আছে, অবিলম্বে তাদেরও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন