
নিউজ ডেস্কঃ তিন মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণের জন্য হাইকোর্ট থেকে সময় পেয়েছেন। ঢাকা বা চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দেশে ফিরে কোনো প্রকার হয়রানি ছাড়া যাতে নির্বিঘ্নে আদালতে আত্মসমর্পণ করতে পারেন এজন্য ৭ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছেন তিনি। তার ভাইয়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৮ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তিনজন লোক তিনজনের বিরুদ্ধে লেবার কোর্টে তিনটি মামলা করেছে। সেটার পরিপ্রেক্ষিতে ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যখন মামলাটা ফাইল হয় তখন তিনি দেশের বাইরে ছিলেন। ‘গ্রেফতারি পরোয়ানার সময়ও তিনি দেশের বাইরে ছিলেন। এখন ইউনূস সাহেব এয়ারপোর্টে এলে গ্রেফতার হতে পারেন। সেটার জন্য ওনার ভাই মুহাম্মদ ইব্রাহিম একটি রিট পিটিশন করেছেন।
আবেদনে তিনি বলেনছেন- ড. মুহাম্মদ ইউনূস একজন বিশিষ্ট নাগরিক। নোবেল বিজয়ী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। ওনার আদালত থেকে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। উনি এখানে এসে আদালতে যাবেন। এয়ারপোর্টে এসে উনি যেন ফ্রিলি আদালতে যেতে পারেন। আদালত আদেশ দিয়েছেন উনি দেশে এসে ফ্রিলি কোর্টে যেতে পারবেন। ওনাকে কেউ হয়রানি করবে না। ইউনূস সাহেব ৭ নভেম্বরের মধ্যে কোর্টে হাজির হবেন।’ এর আগে গত ৯ অক্টোবর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার তিন নম্বর শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম। গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিন কর্মচারী। মামলার অন্য বিবাদীরা হলেন- প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন। মামলার বাদীরা হলেন প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শাহ আলম ও সদস্য এরমানুল হক।