
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১০ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, দ্রুত সময়েই সাড়ে চার হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বাকী সাড়ে ৫ হাজার আগামী বছর নিয়োগ করা হবে। আশা করি এ নিয়োগ হয়ে গেলে সারা দেশে চিকিৎসক স্বল্পতা কমে যাবে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একাডেমিক ভবনের তৃতীয় তলার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শেষের দিকে। এছাড়াও এখানে জেলা হাসপাতাল রয়েছে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসকদের স্বল্পতা রয়েছে। তাই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১০ হাজার ডাক্তার নিয়োগ করা হবে। জনবল না থাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাচ্ছে না।
টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি টাঙ্গাইল স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আহসানুল ইমলাম টিটু এমপি, তানভীর হাসান ছোট মনি এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচলক ডা. এনায়েত হোসেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক নুরুল আমীন মিঞা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।