
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কর্মীর দল, নেতার দল নয়। যুগে যুগে আওয়ামীলীগে যখন দুঃসময় এসেছে, তখন অনেক নেতা ভোল পাল্টিয়েছে। মূল নেতৃত্বের কাছ থেকে সরে গেছে। অনেক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ করেছে, আঁতাত করেছে। কিন্তু তৃণমূলের নেতারা কখনও তাদের সঙ্গে আপোষ করেনি। রোববার (২৭ অক্টোবর) দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ চট্টগ্রামে বিভাগের ৬ জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতিনিধি সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, আপনারাই আওয়ামী লীগের প্রাণ। আপনাদের কারণেই ৭০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ টিকে আছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যখন আওয়ামীলীগে দুঃসময়, যখন আওয়ামী লীগকে ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ করে বিভক্ত করা হলো, তখন আমাদের নেত্রী যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবহমান, যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধ্বনিত হয়- জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে সবাই এখন আওয়ামী লীগ করতে চায়। আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের যে কেন্দ্রীয় সম্মেলন হবে, সে উপলক্ষে দলকে পরিস্কার করার কাজে হাত দিয়েছি। দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে। অনেক সুবিধাবাদী ঢুকেছে। তৃণমূল পর্যায়েও অনেক সুবিধাবাদী ঢুকেছে। দলের বিভিন্ন পর্যায়ের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। যে সমস্ত অনুপ্রবেশকারী, বর্ণচোরা দলের বিভিন্ন পর্যায়ে ঢুকেছে- সম্মেলনকে সামনে রেখে তাদের সবাইকে পদ-পদবী থেকে বাদ দিতে হবে। সংগঠনকে পরিস্কার করতে হবে, সুবিধাবাদী মুক্ত করতে হবে।