
নিউজ ডেস্কঃ নিজ ঘরের শুদ্ধি অভিযান শেষ হলে বিএনপির দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৭ অক্টোবর) দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ চট্টগ্রামে বিভাগের ৬ জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে নয়, এ অভিযান সবার বিরুদ্ধে চালানো হবে। বিএনপির নেতাকর্মীরা কে, কী করছেন? কোথায় বসে কী অপকর্ম করছেন? সব খোঁজ-খবর নেওয়া হচ্ছে। সময়মতো টের পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরটা শেষ করে অপরটা ধরবেন। নেটের জালে সবার অপরাধ ধরা পড়বে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপকর্মকারীরা সাবধান হয়ে যান, চিহ্নিত সন্ত্রাসীরা সাবধান হয়ে যান- শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।
সেতুমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু নেই কিন্তু আওয়ামী লীগ আছে। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, অমানিশার বিরুদ্ধে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বিজয়ের জয়গান গাই। আমরা ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমরা আওয়ামী লীগ, আমরা উত্তাল সমুদ্রের, অমানিশার অন্ধকারেও মানুষের জয়গান গাই। বীরের রক্ত ছুঁয়ে এগিয়ে যাই। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। এই চট্টগ্রাম বিপ্লবী সূর্যসেনের দেশ, অনেক স্মৃতি, অনেক সংগ্রাম আছে এই বীর চট্টলায়। এই চট্টগ্রাম আঘাতে আঘাতে বিপর্যস্ত হয়েছে, পর্যুদস্ত হয়েছে- কিন্তু পরাজয় মেনে নেয়নি। আওয়ামী লীগ পরাজয় মানে না। আওয়ামী লীগ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু পরাজয় মেনে নেয় না।