
নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। শনিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত ‘বি১’ ও ‘বি২’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৪টি কেন্দ্র থেকে ওই পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে একজন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে দুইজন, সিলেট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন ও মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজ কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। জানা যায়, আটক পরীক্ষার্থীরা ডিজিটাল ডিভাইস সংবলিত ক্যালকুলেটরে সিম ব্যবহার করে প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। ওই পাঁচ শিক্ষার্থীর বাড়ি বগুড়া জেলায়।