
নিউজ ডেস্কঃ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো (ব্লিস) এর তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে আগামী ৩১ অক্টোবর। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২ নভেম্বর পর্যন্ত। আগামী বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রদর্শনীটি হবে কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পখাতের এই বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনীটির আয়োজন করেছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।
ব্লিস-২০১৯ চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পখাত সংশ্লিষ্ট অংশীজনদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচমেকিং ট্রেড প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্লিসের এবারের থিম্যাটিক ট্যাগলাইন হলো: ‘ফিউচার প্রুফ সোর্সিং!’ প্রদর্শনীটির মূল উদ্দেশ্য হচ্ছে, বৈশ্বিক সাপ্লাই চেইন ম্যাপে উচ্চ মূল্য সংযোজন সম্পন্ন চামড়াজাত পণ্য ও পাদুকার ক্ষেত্রে ফিউচার প্রুফ সোর্সিং ডেসটিনেশন হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা ও ব্র্যান্ডিং করা। এলএফএমইএবির প্রেসিডেন্ট মোহাম্মদ সায়ফুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত পিটার ফ্যারেনহল্টজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ, ব্লিস-২০১৯ এর আহ্বায়ক ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ।