
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে ক্ষমতাসীন জোটের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন । ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মেনন দেরিতে হলেও সত্য কথা বলেছেন। পাঁচ বছর ক্ষমতায় থেকে আরাম আয়েশ করে এ কথা বলেছেন। যা আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি। বিএনপির প্রবীণ নেতা মওদুদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত ২৯ ডিসেম্বর বর্তমান সরকার ‘সিভিলিয়ান ক্যু’ করে ক্ষমতা দখল করেছে। এ সরকারের রাষ্ট্র পরিচালনা করার কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই। সুতরাং মেননের বক্তব্যের পর সরকারের উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া।
খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গে তিনি বলেন, আদালত তাকে জামিন দেবেন না। কারণ, সরকার তার জামিন চায় না। রাজনৈতিক প্রভাবের কারণে এক বছর আট মাসে তার জামিন হয় না। তার জামিন আইনের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাসও করি না। তার মুক্তির একমাত্র পথ রাজপথ। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। ফিরিয়ে আনতে হবে দেশের গণত্রন্ত্র। সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান- টু লেইট। টেন ইয়ার্স টু লেইট। কারণ, এ দশ বছর আপনারা কিছুই করেননি। এখন দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। এতে কোনো লাভ হবে না। আপনারা দুর্নীতি দূর করতে পারবেন না।