News71.com
 Bangladesh
 26 Oct 19, 12:10 PM
 104           
 0
 26 Oct 19, 12:10 PM

রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার, সমাধানও তাদের খুঁজতে হবে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার, সমাধানও তাদের খুঁজতে হবে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের নিজভূমিতে স্বেচ্ছায় ফিরে যাওয়াই সংকটের একমাত্র সমাধান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক সংকট এবং এর মূল গভীরভাবে মিয়ানমারে প্রোথিত। তাই এর সমাধানও মিয়ানমারের অভ্যন্তরেই খুঁজতে হবে। এই সংকট কেবল বাংলাদেশে নয়, এর বাইরেও অস্থিতিশীলতা তৈরি করছে বলেও জানান তিনি ।

প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখা বিষয়ে এক সাধারণ আলোচনার ভাষণে একথা বলেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশে নয়, এর বাইরেও অস্থিতিশীলতা তৈরি করতে পারে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি। এটির আমাদের দেশ এবং এর বাইরেও অস্থিতিশীলতা তৈরির সম্ভাবনা রয়েছে। আমরা এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করছি ।’

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এই খাতে আমরা নজিরবিহীন অগ্রগতি অর্জন করেছি। আমাদের জিডিপি বর্তমানে ৮ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের বিশেষ করে নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে জোরদারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দারিদ্র্য হ্রাসে, প্রাথমিক স্বাস্থ্যসেবায়, নারীর ক্ষমতায়নে এবং লিঙ্গ সমতায় আমাদের সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক চোরাচালান এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের এ পদক্ষেপ সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন