
নিউজ ডেস্কঃ ভোলায় একটি বিশেষ মহল অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। তারা একটি ঘটনা সাজিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও তড়িৎ পদক্ষেপের কারণে তা বানচাল হয়ে যায়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সচেতন মহলকে দাঁড়াতে হবে। বর্তমানে দেশে মানুষ ভালো আছে, শান্তিতে বসবাস করতে পারছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও সাংসদ আমির হোসেন আমু ।
আজ শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু। চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও চেম্বারের সিনিয়র সহসভাপতি মু. মনিরুল ইসলাম তালুকদার। এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।