
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার পুলিশের ওপর নির্ভরশীল। নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের বিচারের রায়ে পুলিশ সদস্যদের ছাড় দেওয়ায় এটাই প্রমাণ হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মির্জা ফখরুল। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখানেই প্রমাণিত হচ্ছে যে, এই সরকার পুলিশের ওপর নির্ভরশীল। সেজন্য তারা (সরকার) তাদেরকে এসব কাজ থেকে ছাড় দিয়ে যাচ্ছে। মোট কথা এই সরকার তো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। এ কারণে তারা এই ধরনের দুর্বৃত্তায়ন করছে।
‘দেশে যখন সংবাদের ঘনঘটা ওই সময়টা আমি মিস করেছি। তবে আমি ট্র্যাকে ছিলাম, খোঁজ-খবর রেখেছি। অবজারভ করেছি। বুয়েটের আবরার ফাহাদ হত্যার যে ঘটনা- এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এটা ক্ষমাহীন একটা অপরাধ। এই অপরাধের পেছনে আমি সম্পূর্ণভাবে সরকারকে দায়ী করবো। ছাত্রলীগ বা যুবলীগ গত কয়েক বছর ধরে একেবারেই লাগামহীন হয়ে গেছে।’ বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়টা নিয়ে আবরারকে হত্যা করা হয়েছে-এটা কোনো মতেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সাধারণ নাগরিক যে, তার দেশের স্বার্থ সম্পর্কে একটা মতামত দিতে পারবেন না-এটা কখনো চিন্তা করা যায় না। আমরা মনে করি যে, ভারতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে তিনি যে চুক্তিগুলো করেছেন, যেসব এমওইউ সই করেছেন সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি।