
নিউজ ডেস্কঃ বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় কোনো প্রকার ফি না নিয়ে মামলা পরিচালনা করে বাদীপক্ষের আইনজীবীরা গৌরবময় ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, নুসরাতের বর্বরোচিত ঘটনা যখন ঘটে তখন কিন্তু মনে হয় যে আদিম অসভ্য জায়গা থেকে ফিরিয়ে আসছি নাকি সাপলুড়ু খেলার মতো আবার সেই পিছনের জায়গায় আমরা ফিরে গেছি।
‘তারপরও আইনজীবীরা বিশাল ভূমিকা পালন করেছেন। নুসরাতের নির্মম হত্যাকাণ্ডে আইনজীবীরা সেখানে পারিতোষিক নেননি বাদী পক্ষে যারা ছিলেন। সেক্ষেত্রে তাদের একটা গৌরবময় ভূমিকা পালন করেছেন তারা।’ এ মামলার বিচার প্রক্রিয়ার বিষয়ে গণপূর্তমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এত দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করা বিচার শেষ হওয়া এবং প্রত্যাশিত দণ্ড আরোপ করার সুযোগ আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের আইনজীবীদের ও আইন অঙ্গনে বিচার ব্যবস্থার একটা উজ্জল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। অতীতের কথা উল্লেখ শ ম রেজাউল করিম বলেন, একটা সময় ছিলো দায়মুক্তির সংস্কৃতিতে অধপতিত ছিলাম আমরা। যেখানে বলতে চাই প্রায়ই, যে নৈতিকতা ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছিলো। সে জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি।