
নিউজ ডেস্কঃ সরকার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসনে সহায়তার জন্য নীতিমালা করছে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, জাতীয় বাস্তবতা ও দেশের উন্নয়ন আবশ্যকতার প্রেক্ষাপটে অনিবার্য ভূমি অধিগ্রহণে সৃষ্ট বিরূপ সামাজিক প্রভাব ও স্থানচ্যুতিজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জাতীয় পুনর্বাসন নীতিমালা-২০১৯’ চূড়ান্তকরণের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় ভূমি সচিব এ কথা জানান। নীতিমালা অনুযায়ী, ক্ষতিপূরণ ছাড়াও বিকল্প বাসস্থান, জমি, প্লট, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, ক্ষতিপূরণের অতিরিক্ত নগদ টাকা কিংবা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অধিগ্রহণ) মো. সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান, মো. আবদুল হক, আনিস মাহমুদ ও ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। ভূমি সচিব বলেন, প্রচলিত অধিগ্রহণ আইন ও অধ্যাদেশে জমি-অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কোনো আইনি বিধান ছিল না। ভূমি অধিগ্রহণ কার্যক্রম যুগোপযোগী করা ও আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রণীত ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন ২০১৭’-এর ৯ ধারার (৪) উপধারা অনুযায়ী, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নীতিমালা করছে সরকার।