News71.com
 Bangladesh
 24 Oct 19, 06:50 PM
 94           
 0
 24 Oct 19, 06:50 PM

ডিজিটাল বাংলাদেশের জন্য চাই ডিজিটাল মানবসম্পদ॥ আইসিটি প্রতিমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশের জন্য চাই ডিজিটাল মানবসম্পদ॥ আইসিটি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রয়োজন ডিজিটাল মানবসম্পদ। ডিজিটাল মানবসম্পদদের মধ্যে থাকবে ডিজিটাল লিডারশিপ। আর জাতি হবে ডিজিটালভাবে সচেতন। এমনটাই বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এনডিসি কোর্সের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিথি বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ২০তম এনডিসি কোর্সে দেশ-বিদেশের ৮৪ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘ডিজিটাল বাংলাদেশঃফিলোসফি অব রেভুলেশন’ শীর্ষক এক উপস্থাপনা তুলে ধরেন পলক। এসময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার সঙ্গে মানুষকে তিনভাবে ভাগ করা যায়। ডিজিটাল নেটিভ যারা ডিজিটাল ব্যবস্থার সঙ্গে শুরু থেকেই পরিচিত, ডিজিটাল এডোপটিভ যারা নিজেদের এ ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেয় এবং ডিজিটাল আউটলাইনার যারা এ ব্যবস্থার সঙ্গে এখনও যুক্ত না। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল লিডারশিপ দরকার। ডিজিটালভাবে সচেতন জাতি দরকার। এর জন্য ডিজিটাল মানবসম্পদ তৈরি করতে হবে। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের আওতায় আমরা তরুণ মানবসম্পদ তৈরি করতে কাজ করছি।

তিনি বলেন, ইনোভেশন বা উদ্ভাবনই হচ্ছে প্রতিটি জাতির মূল শক্তি। উদ্ভাবনী তরুণ এবং স্টার্টাপ উদ্যোক্তা তৈরি করে তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এরজন্য এ খাতে আমরা প্রণোদনা দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে পলক বলেন, দেশে এখন প্রায় ১৬ কোটি নাগরিক মোবাইল ফোন ব্যবহার করেন। প্রায় ৯ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ২০২১ সাল নাগাদ দেশের ৯০ শতাংশ জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি আমরা। আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় তিন হাজার সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন