
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যেভাবে খবর প্রকাশিত হয়েছে, রাশেদ খান মেনন সেভাবে বক্তব্য দেননি। তার বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে। এ কারণে বিভ্রান্তির সৃষ্টির হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, ১৪ দলের সঙ্গে মিশতে চান। তিনি যে বক্তব্য দিয়েছেন, তা আংশিকভাবে প্রকাশ পেয়েছে।সম্পূর্ণ বক্তব্য প্রকাশিত হলে এ বিভ্রান্তি ছড়াতো না বলে তার বিশ্বাস, সেটাই তিনি বলেছেন। তার বক্তব্যে তিনি বলেছেন, এবারের নির্বাচন ২০০৮ সালের মতো উৎসবমুখর নির্বাচন হয়নি। তিনি বলেন, ১৪ দলের সঙ্গে তার বসার কথা। ১৪ দলকে তিনি নিজের বক্তব্য নিয়ে কী ব্যাখা দেবেন তা শোনার অপেক্ষায় রইলাম।
১৪ দলের মুখপাত্র নাসিমের বাসায় জোটের নেতাদের বৈঠক হয়েছে। শোনা যাচ্ছে, রাশেদ খান মেননকে ১৪ দলের অফিসে যেতে নিষেধ করা হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, রাশেদ খান মেনন যখন মিটিংয়ে আসেননি, অবশ্যই এর কোনো একটা কারণ রয়েছে। তিনি অসুস্থ কি-না তা জানি না। হতেও পারে, আমি সঠিক জানি না। তার বক্তব্য নিয়ে একটা বিভ্রান্তি আছে। সে কারণে আপাতত তাকে সভা থেকে বিরত থাকার বিষয়ে বলা হতে পারে। তবে, তিনি ১৪ দলের সঙ্গে বসতে চেয়েছেন তার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে। এ বিষয়ে রাশেদ খান মেনন গতকালকে আমাকে ফোন করেছিলেন ও মেসেজ পাঠিয়েছেন। তখন আমি ব্যস্ত ছিলাম। রাত হওয়ায় আজ সকালে তাকে ফোন দেওয়া হয়।