News71.com
 Bangladesh
 23 Oct 19, 09:22 PM
 84           
 0
 23 Oct 19, 09:22 PM

ফিটনেস নবায়ন না করা গাড়িকে জ্বালানি নয়॥হাইকোর্ট

ফিটনেস নবায়ন না করা গাড়িকে জ্বালানি নয়॥হাইকোর্ট

নিউজ ডেস্কঃ ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফিটনেস নবায়নে সময় বেঁধে দেওয়ার পর এ সংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৩ অক্টোবর) এ আদেশ দেন। আদালতে বিআরটিএ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী, রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। পরে মঈন ফিরোজী জানান, ফিটনেসবিহীন যত গাড়ি রাস্তায় চলছে তাদের পেট্রোল স্টেশন থেকে গ্যাস-ফুয়েল সাপ্লাই বন্ধ করার আদেশ দিয়েছেন। এ আদেশ আগামী দুই মাস অথবা এর মধ্যে কেউ যদি এর মধ্যে ফিটনেস নবায়ন করে তাহলে এ আদেশ কার্যকর থাকবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, দুই মাস অথবা ফিটনেস নবায়ন না করা পর্যন্ত তাদের জ্বালানি সরবরাহ না করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত পরবর্তী আদেশের জন্য ১০ জানুয়ারি আদেশের জন্য দিন রেখেছেন। প্রতিবেদনে বিআরটিএ জানায়, হাইকোর্টের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে শুধুমাত্র ৮৯ হাজার ২৬৯ গাড়ি ফিটনেস নবায়ন করেছে। গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। গত ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। এর আগে আদালতে দাখিল করা বিআরটিএ-এর প্রতিবেদনে বলা হয়, ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন